হার্ডি-উইনবার্গ ভারসাম্য ও এর উপযোগিতা | পর্ব - ১

দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিবর্তন, পপুলেশন,  জিন ফ্রিকুয়েন্সি, জেনটাইপ ফ্রিকুয়েন্সি  ও হার্ডি-উইনবার্গ ভারসাম্য নিয়ে লিখছেন গবেষক তনুজিৎ দাস আজ প্রথম পর্ব ।

বিবর্তন (Evolution) মানে হল কোন কিছুর ক্রমবিকাশ, তবে এখানে আমি বিবর্তন বলতে সমাজের বা অন্যকিছুর বিবর্তন নয় বিবর্তন বলতে জৈব বিবর্তন অর্থাৎ জীবনের বিবর্তনের কথা বলবো । পোস্টের প্রথমেই যে বিষয়ে বলবো সেটি হলো পপুলেশন- " পপুলেশন হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে একটি একক প্রজাতির সকল জীবের সমষ্টি" । এখন আমরা কি ভাবে বুঝবো ঐ পপুলাশনে বিবর্তন কার্যকর কিনা! তা অনুধাবনেরও নির্দিষ্ট উপায় আছে । তবে তার আগে আমাদের পপুলাশনের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে । সেগুলি হলো জীন বা অ্যালিল ফ্রিকুয়েন্সি( gene/allele frecuency) এবং জেনটাইপ ফ্রিকুয়েন্সি ।

                       আমি মনেকরি অ্যালিল ফ্রিকুয়েন্সি ও জেনটাইপ ফ্রিকোয়েন্সির আলাদা কোনো চিরাচরিত সংজ্ঞা না দিয়ে একটি উদাহরণ সাপেক্ষে বিষয়টি উপস্থাপন করলেই ভালো হয় ।
চিত্র-১ঃ বিভিন্ন জেনটাইপ বিশিষ্ট ফুলের চিত্ররূপ
তো শুরুতেই ধরে নিই কাল্পনিক কোনো একটি বুনো ফুলগাছের 500 সদস্যের পপুলেশনে(চিত্র-১) ফুলের রঙ নির্ধারণকারী/উৎপাদনকারী লোকাসে (locus- ক্রোমোজোমে কোনো নির্দিষ্ট জিন যে স্থানে অবস্থান করে সেই স্থানকে ঐ জিনের লোকাস বলে ।) দুটি অ্যালিল CR (লাল বর্ণের জন্যে দায়ী) ও CW (সাদা) বর্তমান এবং অ্যালিলদুটি অসম্পূর্ণ প্রকট (incompletely dominant) ফলে CR CR হোমোযাইগাস উদ্ভিদের ক্ষেত্রে ফুলগুলি হবে লাল এবং   CW CW  হোমোজাইগাস হলে ফুলের রং হবে সাদা,তবে CR CW    হেটেরজাইগাস (heterozygous) উদ্ভিদে উভয় অ্যালিলের উপস্থিতির জন্যে ফুলের রং হবে লাল ও সাদার মাঝামাঝি অর্থাৎ     গোলাপি।

                           পপুলেশনে কোনো অ্যালিল নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি( অনুপাতে) বর্তমান থাকে এবং এই অনুপাতটিকেই ঐ অ্যালিলের ফ্রিকুয়েন্সি বলে। ধরা যাক, 500 গাছের পপুলাশনটিতে  লাল ফুলযুক্ত গাছ 320টি (জেনটাইপ- CR CR) , গোলাপী 160টি (জেনটাইপ-CR CW ) ও সাদা 20টি (জেনটাইপ-CW CW ) । সুতরাং এই জনুতে (Generation) এই তিন প্রকার বিভিন্ন জেনটাইপের ফ্রিকুয়েন্সি হবে  যথাক্রমে ৬২% বা  0.62, 32% বা 0.32 ও 4% বা 0.04 । আবার যেহেতু এই উদ্ভিদগুলি ডিপ্লোয়েড তাহলে 500  উদ্ভিদের ফুলের রঙ নির্ধারণকারী/উৎপাদনকারী লোকাসে মোট অ্যালিল-এর সংখ্যা হবে 500×2=1000 । এখন CR অ্যালিলের মোট সংখ্যা হলো 800 (320×2=640, CR CR উদ্ভিদ থেকে + 160 CR CW উদ্ভিদ থেকে) । সুতরাং মোট 1000 অ্যালিলে CR এর ফ্রিকুয়েন্সি হলো 800/1000= 0.8 অর্থাৎ 80% এবং CW 'র ফ্রিকুয়েন্সি বা অনুপাত হবে 1-0.8=0.2 অর্থাৎ 20% ।
দুই অ্যালিল সমন্বিত কোনো লোকাসের পর্যালোচনায় একটি অ্যালিল-এর ফ্রিকায়েন্সিকে p এবং অন্যটিকে q দিয়ে প্রকাশ করলে ব্যাপারটা অনেকটাই সুবিধাজনক হয়েপরে । এভাবে p, জিন পুলে( gene pool- পপুলেশনে সকল সদস্যের সবকটি লোকাসে বর্তমান সর্বমোট অ্যালিল এর সংখ্যা ) CR এর ফ্রিকুয়েন্সি p=0.8 বা 80% ।  এবং  যেহেতু ঐ লোকাসে শুধুমাত্র দুটি অ্যালিল বর্তমান তাই q, CW র ফ্রেকুয়েন্সি হবে q= 1-0.8=0.2 বা 20% । তবে মনে রাখতে হবে লোকাসে অ্যালিল এর সংখ্যা 2 এর বেশি থাকলেও তাদের সম্মিলিত ফ্রিকুয়েন্সি হবে 1 বা 100% ।

                        তাহলে এই পর্বে আমরা জানলাম অ্যালিল ফ্রিকুয়েন্সি, জিন পুল ইত্যাদি সম্পর্কে , আগামী পর্বে আলোচনা করবো হার্ডি-উইনবার্গ সূত্র এবং এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে ।
                                                                                                                                          পরবর্তী পোস্ট 
       

Comments

Post a Comment

Popular Posts